ঢাকা, বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬

এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৪১, ১ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে জাতীয় সংসদের ২৩ নম্বর নারী আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ-সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর তারিখে পদত্যাগ করায়, সংসদের ৩২৩ (মহিলা আসন-২৩) আসনটি সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, ওই তারিখে শূন্য হয়েছে।

আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। 

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসে। 

এ ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও ওঠে। যার পরিপ্রেক্ষিতে এই সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেন সরকারপ্রধান।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি